উপহার

ভারী আয়োজন l  হবু বর বরযাত্রীদের নিয়ে সাজগোজ সেরে নিচ্ছে l  দলে যারা কমবয়সী বন্ধু ও ভাই, তাদের সাজের উত্সাহ তুঙ্গে l  হবেনা কেন ? বোন দিদি বৌদিদের মুখে শুনেছে যে কনের বাড়ীর মারকাটারি সব নারীরত্নের কথা ! জেল্লা কম হলে চলবেনা তো l  ওদিকে কন্যাপক্ষ ও কম যায়না l  তাদের একটি তুরুপের তাস আছে l  যথাসময়ে বেরোবে l  চোখ ঝলসানো রূপ যে সেই পরীর !
       বরযাত্রী চলে এসেছে l  গান বাজনা শুরু l  আলোর রোশনাই চারিদিকে l  কনে প্রিয় সখীকে কানে কানে বলল - যা হিনাকে এইবার ছেলের বাড়ির সামনে ডেকে নিয়ে আয় l  ওরাও তো দেখুক বেহেস্তের হুরী কাকে বলে !
    সত্যিই চোখ ঝলসে দেওয়া l  সঙ্গে শব্দও বাজনাকে স্তব্ধ করে দিয়ে l  কয়েকটি মুহূর্ত মাত্র l

   সব আলো নিভে গেছে l বেহেস্তের হুরী চোখ ঝলসে দিয়েই প্রায় অর্ধেক অতিথিকে সঙ্গে করে বেহেস্তে নিয়ে গেছে l  বিয়ের এর থেকে পরম উপহার আর কি বা হতে পারে ?

সন্ত্রাস

বৃষ্টি ধোয়া সন্ধ্যে l মিঠে হাওয়ায় ঝিরঝিরে আরামে রোম কূপে স্নিগ্ধতা l  বিজন পথে হাঁটছি l  দৃষ্টি মেলে রেখেছি আকাশে l  কোথাও কেউ নেই l  এই নির্জন পৃথিবী একা আমার l  পৃথিবীর সঙ্গে এই নিরিবিলি নিরালায় মুখোমুখি অদ্ভুত বোধ ছড়িয়ে দিচ্ছে প্রাণে l  হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছি না l  কি নরম মাটি ! রাস্তায় যেন কোনও পাথর কাঁকর নেই l  পিচ ঢালা কঠিন শহুরে রাস্তা ও নয় l  মনের আনন্দে হাঁটছি l  হঠাত্ পায়ের গোড়ালি তে সুড়সুড় করল কি যেন l  নীচের দিকে তাকাতেই দেখি কত নতুন নতুন চারা গাছ ! খুব ভালো লাগল l  কিন্তু জায়গাটা অনুর্বর বন্ধ্যা ছিল না ? ছিলই তো l  মৃতদেহের ওপর হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম মানুষের লাশের থেকে শক্তিশালী সার আর হয়না l  বন্ধ্যা পৃথিবীতে মরে যাওয়া অরণ্য ফিরছে l মানুষ নয় l