প্রলাপ


উপকূলবর্তী এই শহরে আজ কদিন হলো নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে । এবার বর্ষা শুকনো গিয়েছে । এখন তীব্র শীত । কিছুদিন আগেও শীতে পাতা হারানো বৃক্ষ গুলো রাজপথে তাদের শুকনো ডালপালা আর শুকিয়ে যাওয়া কাণ্ড নিয়ে পাগলা বুড়োর মত আকাশপানে চেয়ে থাকত । পথে ঘাটে আলোচনা চলত , এবার বর্ষা হলোনা । শীতের শুকনো ধুলো , সাগর পার থেকে উড়ে আসা বালি বাড়িঘর পথ ঘাট ঢেকে ফেলছে । কি যে বিশ্রী ব্যপার ! এ এক আবহাওয়া বিভ্রাট ।
এমনই সময়ে হঠাত্ একদিন বৃষ্টি এলো । সাগরের পার থেকে এক খণ্ড মেঘ উড়ে এসে আকাশ জুড়ে বসল । শহরবাসীরা প্রথমে খুবই খুশি হলো । কি আর হবে ? নয় শীত বাড়বে কদিন । কিন্তু এই শুকনো রুক্ষ পরিবেশ ত সজল হবে ! গাছপালার খয়েরি ডালে দু একটা সবুজ পাতার কুঁড়ি ত দেখা যাবে !
কিন্তু বৃষ্টি থামার তেমন লক্ষণ ত দেখা যাচ্ছেনা । উল্টে সরকার আপতকালীন পরিস্থিতি ঘোষণা করেছে । রাস্তায় জনমনিষ্যি নেই । একটা পশুপাখি পর্যন্ত নেই । প্রবল বৃষ্টির মাঝে সেনা বাহিনীর একটা জিপ মাঝে মাঝে টহল দিচ্ছে । কেউ যদি সাহায্য চায় ।
রাজপথ দিয়ে হেঁটে চলেছেন এক দীর্ঘদেহী মানুষ । তাঁর পরণে একটি ধূসর বর্ষাতি । তিনি উদ্দেশ্যহীন হাঁটছেন বলেই মনে হচ্ছে । জিপে বসে থাকা সবচেয়ে ছোট জওয়ানটি বলে উঠল - অফিসার , ওই সেই লোকটি । ওকেই আমি দেখছি , বৃষ্টি উপেক্ষা করে সমানে হেঁটে চলেছেন পথে । কী উদ্দেশ্য কে জানে ! অফিসার একটু অবাক হলেন । তারপর অত বৃষ্টিতে যতটা সম্ভব তাড়াতাড়িতে এগিয়ে গেলেন লোকটির কাছে ।
হ্যালো স্যার , আপনি এই দুর্যোগে বাইরে কেন ? আমাদের একটি ছেলে বলছে আপনাকে ও প্রায়ই রাস্তায় দেখছে ! একটি প্রাণী রাস্তায় নেই স্যার ! কিসের খোঁজে এসেছেন স্যার ? আপনার খাবার দাবারের রেশন পর্যাপ্ত ভাবে আছে ত ?
পরপর এতগুলো প্রশ্নেও বিচলিত না হয়ে পাশ ফিরে দাঁড়িয়ে থাকা লোকটি মাথা নাড়ল । না । সব ঠিক আছে ।
তাহলে স্যার আপনাকে পৌঁছে দিই চলুন । আপনি কোথায় থাকেন ?
লোকটির ভাসাভাসা উত্তর শোনা গেলো । আমার বাড়িটা ওই সাগরের ধারে পুরনো লাইটহাউসের পাশে ।
তবে চলুন স্যার !
না অফিসার । আমার কষ্ট হচ্ছেনা । আমি চলে যাবো । কিন্তু আপনি সত্যিই চাইছেন যে আমি ফিরে যাই ?
অফিসার জানেন বৃদ্ধ হলে মানুষ এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে । তিনি হেসে বললেন - হ্যাঁ স্যার । আমি চাই এই বৃষ্টিতে আপনি কোনও ভারী অসুখে না পড়েন । চাই যে আপনি বাড়িতে থাকুন ।
লোকটি ফিরে যাচ্ছে । সেই জওয়ান গাড়িতে ফিরে আসা অফিসারকে বলল - স্যার , এবার দেখবেন বৃষ্টি কমে যাবে । দুর্যোগ থাকবে না । অফিসার একবার পেছন ফিরে দেখলেন । বৃষ্টির একঘেয়েমি কাটাতে গুলগল্পের জুড়ি নেই । বললেন - কিরকম ? ছেলেটি বলল - স্যার । ও লোকটা থাকে লাইট হাউসের পেছনে । পোড়ো বাড়িটায় । আমি দেখেছি । যেদিন প্রথম ও রাস্তায় বেরিয়েছিল সেদিন ঝলমলে দিন ছিল । তবু ওর গায়ে ওই বর্ষাতিটা ছিল । ও যখন আসছিল তখন আমি দেখেছিলাম ওর পেছন পেছন আসছে এক টুকরো কালো মেঘ । আর তখুনি শুরু হলো বৃষ্টি ।
অফিসার চুপিচুপি হাসলেন । ছেলেটা সিয়াচেনে থাকতে এরকম ভুল বকছিল । তাই বরফ থেকে ওকে নামিয়ে আনা হয়েছে । প্রলাপ হলেও শুনতে মন্দ লাগছেনা ।

No comments:

Post a Comment