সাদামাটা

আপনারা এখানে নতুন ? বৈদেহী তাড়াতাড়ি আঁচল টা গায়ে জড়িয়ে নেয় l  আরে এ ভদ্রলোক জানা নেই শোনা নেই একেবারে বাড়ির ভেতরে ঢুকে এসেছে ? বুড়ি ঝি টাও একেবারে গদগদ l  বাবু বসেন বলে পাখা চালিয়ে, এক গেলাস ঠান্ডা জল এনে দিল l  ভদ্রলোক গুছিয়ে বসলেন l  বৈদেহী লক্ষ করল যে লোকটির চেহারায় অদ্ভুত একটা আভিজাত্য আছে l  আর আছে বুদ্ধির প্রাখর্য l অদ্ভুত !! এরকম গাঁ ঘেঁষা মফস্বলে এত আধুনিক লোক দেখে সে বেশ অবাক হচ্ছিল l  তবে গাঁয়ের লোকের মতই সহজাত ভব্যতাজ্ঞান খুব একটা নেই l  নইলে কেউ এমন করে ঢুকে আসে ? ভদ্রলোক বললেন - যাবেন না একদিন আমাদের বাড়ি l  আমার গৃহিণী খুব খুশি হবে l  সমবয়সী কাউকে পায়না l  আপনার কর্তাটি কই ? আলাপ করতে ইচ্ছে রইল l  বৈদেহী জানাল কর্তা কাজের খাতিরে একটু বাইরে আছেন l  আসল কথাটা হল, কর্তা খুব ধনী বংশের ছেলে l  সত্, মেধাবী, নীতি বাগীশ l  বাপের অগাধ সম্পত্তি l  শহরে বিরাট দালান কোঠা l  কিন্তু বৈদেহীর কারণে মায়ের সাথে মতের অমিল l  কিন্তু বাপ মা কে যে ছেলে এত ভক্তি করে সে কি আর মুখের ওপরে কোনও কথা বলতে পারে ? অগত্যা তার চুপ করে থাকার সুযোগে শ্বাশুড়ী কান ভাঙ্গলেন বাপের l  ফল স্বরূপ গৃহত্যাগী হল বৈদেহী রা l  কর্তার গোঁ, নিজের পায়ে দাঁড়াবে l  এখনও উল্লেখযোগ্য কিছুই হয়নি l  ভাড়া বাড়ির ভাড়া জোটানো বেশ কষ্টসাধ্য বলে এই ছোট মফস্বলে বাড়ি ভাড়া করা হয়েছে l  ভাগ্যিস ছেলেপুলে হয়নি ! কি যে হত l

___________________

সেদিন সকালে ভদ্রলোক এসে আর কিছুতেই ছাড়লেন না l  চলুন, আজ যেতেই হবে l  কোনও কথা শুনব না l  কর্তা সেই থেকে ফেরেননি আর একা একা আপনি এই ভাবে, নাহ্ আর শুনব না l  বৈদেহী নিতান্ত অনিচ্ছা সত্বেও গাড়িতে উঠল l  বুড়ি ঝি কে বলে গেল - দাদা বাবু এলে বলিস আমি ওঁর সঙ্গে গেছি l

___________________

কি বিশাল বাড়ি ! কত্ত বড় বাগান ! কত দাশ দাসী ! ঘরে ঘরে দামী দামী আসবাব ! ভদ্রলোকের বোউটি খুব মিশুকে l  দুজনা প্রায় সমবয়সী l  খুব জমে গেল l  বোউটি বৈদেহী কে ছাড়তেই চায়না l  শেষে সেদিন রাত্রিতে বৈদেহী রয়ে গেল নতুন সই য়ের বাড়ি l

___________

কর্তা বাড়ি ফিরেছেন l  বুড়ি ঝি সংবাদ দিল বৌউমৌনি গেছে এ অঞ্চলের সব চেয়ে ধনী লোকটির বাড়িতে l  কাল গিয়েছে আর ফেরেনি l  কর্তার মুখ কালো হয়ে গেল l  পয়সাওয়ালা লোক গুলো নিজেদের বিত্ত প্রদর্শন না করে সুখ পায়না l  বৈদেহী অত কিছু দেখে না হিংসে করতে শুরু করে l  মেয়েরা যা অবুঝ !

__________________

আসুন আসুন ! আপনি যে আমার বাড়িতে এসেছেন আমার কি ভাগ্য !! কর্তা ইতিউতি চাইছেন, গিন্নি কই ? ভদ্রলোক বললেন সে এখন দুজনে খুব জমে গেছে l  বলি কি, কদিন এখানেই রেখে যান l  চেঞ্জ হবে একটু l  কর্তার মাথায় আগুন জ্বলে উঠল - বৈদেহী, বলে হেঁকে উঠলেন l

__________

গল্প টা খুব সাদামাটা ? উঁহু, নয় l  পাত্র পাত্রী দের নাম প্রকাশ করছি l  কর্তা - শ্রীরামচন্দ্র l  বৈদেহী - সীতা দেবী l  ভদ্রলোক - দশানন রাবণ l  আর ভদ্রলোকের স্ত্রী - মণ্দদোরী l

No comments:

Post a Comment